ফেসবুকে ফলো করুন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : যাদের কোনো সমর্থন নেই, তারা ভোটের মাঠে ভূড়িভোজ করায় ও নতুন গাড়ী কিনে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
শুক্রবার দুপুরে উপজেলার বরপা মোল্লা বাড়ি এলাকায় গণসংযোগ কালে তিনি এই মন্তব্য করেন।
এর আগে, রূপগঞ্জে কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়ার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে করে ভূড়িভোজ করানোর অভিযোগ উঠে। এছাড়াও, নির্বাচনী হলফনামায় তার নগদ কোনো অর্থ দেখানো না হলেও ভোটের মাঠে কোটি টাকা মূল্যের এক ব্রান্ড নিউ প্রাডো গাড়ী নামিয়ে আলোচনা-সমালোচনায় বিদ্ধ হন শাহজাহান ভূইয়া।
শুক্রবার গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘যাদের কাছে শুধু অর্থ আছে। নির্বাচনে যাদের সমর্থন নেই, তারা এভাবে ভূড়িভোজ করবে। নানা ভাবে তারা নতুন গাড়ী কিনবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভূড়িভোজ করিয়েছে। এটা নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন। এই বিষয়ে আমরা অভিযোগ করবো।’
স্বতন্ত্র প্রার্থী প্রসঙ্গে মন্ত্রী গাজী বলেন, ‘তাদের কোনো কর্মসূচিও নেই। দুই একটা মিছিল হয়। আর আমাদের ১২৯টি কেন্দ্রেই নৌকার মিছিল হচ্ছে। যুবলীগের মিছিল হচ্ছে। মহিলা লীগের মিছিল হচ্ছে। যুব মহিলা লীগের মিছিল হচ্ছে। আওয়ামী লীগের মিছিল হচ্ছে। একটি গ্রামে চার-পাঁচটি অংশে মিছিল হচ্ছে।’
রূপগঞ্জে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার প্রার্থী হওয়ায় তাকে স্বাগত জানিয়ে নৌকার প্রার্থী মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘সারা দেশের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ন নির্বাচন রূপগঞ্জেই হবে। তিনি তৃণমূলের মহাসচিব। একটি দলের সেক্রেটারি দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য সম্মান বয়ে আনবে। এজন্য আমরা চাই তিনি ভালো ভাবে ইলেকশন করুক। তিনি নির্বাচনে এসেছেন, এটা আমাদের জন্য সম্মান বয়ে আনবে। আমরা চাই তিনি ভালোভাবে ইলেকশন করুক। কারণ এর মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন হবে। এটাকে আমরা সমর্থন করি। ’
মন্ত্রী বলেন, ‘আমি মানুষের পরিপূর্ন ভালোবাসা পাচ্ছি। ২০০৫ সাল থেকে আমি ৪ দলের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। গুলি খেয়েছিলাম। ওয়ান ইলেভেনে ২৭দিন জেল খেটেছিলাম। ক্যান্টনমেন্টে ছিলাম। জনগণ আমাকে চিনে। জনগণ আমাকে ভালোবাসে। যেখানে অসুবিধা, সেখানে গিয়েছি। মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাকে যে যখন ডেকেছে, তখন তার ডাকে সারা দিয়েছি। আমার পরিবারের সকলেই মানুষের পাশে ছিলো। আমার মনে হয়, রূপগঞ্জের প্রতিটি জায়গা আমি যতটা চিনি, আর কেউ ততটা চিনে না।’
নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন প্রসঙ্গে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে আসবেন। তিনি এখানে এসে বক্তব্য রাখবেন। আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন যে, শেষ মিটিংটা তিনি ঢাকার পাশে নারায়ণগঞ্জেই করতে চান। নেত্রী আসলে তাকে স্বাগত জানাতে অবশ্যই আমরা যাবো। তিনি যা বক্তব্য রাখবেন, যেই দিক নির্দেশনা দিবেন, আমরা তা শুনবো এবং পালন করবো। আমরা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে সফল করতে সেখানে ব্যাপক ভাবে অংশগ্রহণ করবো। মাঠেই থাকবো।’
এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন, মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।



