নাটকে অভিনয় কমিয়েছেন, ঝুঁকেছেন ওয়েবে। তবে সেটাও হাতে গোনা কাজে। গেল বছরের শেষ দিকে ‘অনন্যা’ নাটক দিয়ে তুমুল সাড়া পেলেও নতুন বছরের শুরুতে কোন কাজেই দেখা যায়নি মেহজাবীন চৌধুরীকে। তবে নিরাশ করেননি ভক্তদের, ভালোবাসা দিবসে হাজির হয়েছেন নতুন রূপে। ওটিটি প্লাটফর্মে বিঞ্জে উন্মুক্ত হয়েছে তার নতুন ওয়েব সিরিজ ‘আরারাত’। ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজ নিয়ে সোশ্যাল প্লাটফর্ম থেকে সবখানেই চলছে চর্চা। ভাসছে ইতিবাচক প্রশংসায়। তবে সব কিছু ছাপিয়ে যা নিয়ে বেশি চর্চা হচ্ছে তা হলো মেহজাবীনের অভিনয়।
ভিকি জাহেদের সঙ্গে এর আগেও একাধিক জনপ্রিয় কাজ করেছেন মেহজাবীন। নাটক কিংবা ওয়েব কনটেন্ট— দুই ধারাতেই এ অভিনেত্রী সমান জনপ্রিয়। দর্শকের প্রশংসায় আপ্লুত অভিনেত্রী।
একজন লিখেন, ‘সবারই এই সিরিজটা একবার হলেও দেখা উচিৎ, জীবন নিয়ে সেকেন্ড থট আসবে।’ অন্য একজন লিখেন, ‘যেমন গল্প, তেমন থ্রিল। মেহজাবীন চৌধুরী দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত দেখা এ বছরের সেরা সিরিজগুলোর মাঝে থাকবে আরারাত।’
আরও একজন অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করে লিখেন, ‘এত ম্যাচিউরড অভিনয়। আরারাতের রূপা চরিত্রের বিভিন্ন শেডগুলো দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। ওটিটি প্লাটফর্মের অন্যতম ভরসার নাম এখন মেহজাবীন।’ একই কথার রেশ ধরে আরেকজন লিখেন, ‘আমরা গর্ববোধ করতে পারি যে, আমাদের প্রজন্মে মেহজাবীনের মতো একজন অভিনেত্রী পেয়েছি।’
মেহজাবীন চৌধুরী বলেন, ‘একটা কাজ ভালো হওয়ার পেছনে টিমের সবার অবদান অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই টিমের প্রত্যেকেই অসাধারণ। প্রত্যেকটা শিল্পীই নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি। দর্শকরা পছন্দ করছেন, নিজেদের ভালো লাগা জানাচ্ছেন। এতে আমি অনেক বেশি আপ্লুত। যাদের জন্য আমরা শিল্পীরা কাজ করি সেই দর্শকরা যখন ইতিবাচক মন্তব্য করে, ভালো লাগা জানায় তখন সব পরিশ্রম, কষ্ট দূর হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই যে অভাবনীয় সাড়া পাচ্ছি সেটা সত্যি দারুণ।’
তুরস্ক ও আর্মেনিয়ার সীমান্তে অবস্থিত ঐতিহাসিক আরারাত পর্বত নিয়ে রহস্যের শেষ নেই। সেই রহস্য যখন মানুষকে প্রভাবিত করে, তখন সেটা কৌতূহল আরও বাড়িয়ে দেয়। তেমন গল্প নিয়েই ওয়েব সিরিজ ‘আরারাত’। সিরিজটির নামকরণ করা হয়েছে আরারাত পর্বতের নামেই। সিরিজে উঠে এসেছে মানবচরিত্রের অন্ধকার দিক। যেখানে ভালোবাসার মানুষ একে অন্যের মুখোমুখি হয়। প্রকাশ করে ক্রোধ ঘৃণা।
ছয় পর্বের এই সিরিজ আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, রোজী সিদ্দিকী ও শ্যামল মাওলা, সায়রা জাহান, ফররুখ আহমেদ রেহান প্রমুখ।



