রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জের চনপাড়া পূনর্বাসন কেন্দ্রে প্রতিদ্বন্দী প্রার্থীর সমর্থকরা জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী ক্যাম্প বন্ধের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, নির্বাচনী ক্যাম্প বন্ধ না করলে ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে বলেও হুমকি ধামকি প্রদান করে তারা। এসময় প্রতিদ্বন্দী প্রার্থীর সমর্থকরা লাঙ্গল প্রতীকের সমর্থকদের ক্যাম্প থেকে পোষ্টার ছিনিয়ে নিয়ে যায়।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূনর্বাসন কেন্দ্র, ইছাকালী, নগরপাড়া, পশ্চিমগাঁওসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
এসময় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম বলেন, চনপাড়া পূনর্বাসন কেন্দ্র এলাকায় আমি নির্বাচনী প্রচারণা ও গণংসযোগ করার সময় আমার সমর্থকদের কাছে জানতে পারলাম প্রতিদ্বন্দী প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী ক্যাম্পে গিয়ে হুমকি ধামকি দিয়েছে। এসময় তারা চনপাড়া থেকে জাতীয় পার্টির নির্বাচনী ক্যাম্প উঠিয়ে না নিলে ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে বলে জানান।
এছাড়া নির্বাচনের পরে লাঙ্গল প্রতীকের প্রার্থীর সমর্থকদের বাড়িতে থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দেন। নির্বাচন উপলক্ষ্যে চনপাড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়ানো দাবি জানান তিনি। আমি যে এলাকাতেই যাচ্ছি সে এলাকাতে মানুষের গণজোয়ার দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ লাঙ্গল প্রতীককে সাদরে গ্রহণ করছে। নির্বাচন সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
আমি নির্বাচিত হলে রূপগঞ্জ থেকে বেকারত্ব দূরী করবো। ঢাকার এতো কাছে হওয়ার পরও রূপগঞ্জ এখনো অনেক অনুউন্নত আমি রূপগঞ্জকে উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলবো।



