রূপগঞ্জে স্বতন্ত্রপ্রার্থী শাহজাহানের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেবার অভিযোগ

191
ফেসবুকে ফলো করুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :  নারায়নগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়ার কেটলি প্রতীকের নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ২ টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি বাজারে অবস্থিত কেটলি প্রতীকের নির্বাচনী ক্যাম্পে। অগ্নিকান্ডের এ ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরী হয়েছে।

 

কেটলী প্রতীকের সর্মথক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার জানান, কালনী বাজার এলাকায় আমাদের কেটলী প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প পরিচালিত হচ্ছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ক্যাম্পেটিতে একদল র্দুবৃত্ত পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুনে ক্যাম্পটির ভেতরের আসবারপত্রসহ সব কিছু পুড়ে যায়। রাতে বেলা ক্যাম্পটি বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। নৌকার সর্মথক থানা যুবলীগের সহ-সভাপতি কামরুল হাসান নয়ন, ইউ,পি স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মোঃ জামান, ইয়াকুব, আজিম, মোতাহার, ইয়াকুব মোল্লা, আরএসআই রাকিব বিভিন্ন সময় কেটলী মার্কার কর্মী সর্মথকদের হুমকি ধামকি দিয়ে আসছিল। এই ক্যাম্পটি স্থাপনের পর থেকে ক্যাম্পটি বন্ধ করতে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছিল। রাতের আধারে তারাই ক্যাম্পটি পুড়িয়ে ফেলতে পারে বলে ধারণা করছি। অভিযুক্তরা সবাই নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী ও রংধনু গ্রুপ চেয়ারম্যান রফিকুল ইসলামের লোকজন বলে জাহাঙ্গীর চেয়ারম্যান দাবি করেন।

 

এ ব্যাপারে নারায়নগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়া বলেন, এটা নৌকা সর্মথকদের কাজ। যেখানে কেটলীর ক্যাম্প করা হয় তার খুব কাছেই আমাদের নির্বাচনী কর্মকান্ড বাধাগ্রস্ত করতে পরিকল্পিত করে নৌকার ক্যাম্প করা হয়েছে। উক্ত ঘটনায় নির্বাচন অফিসে অভিযোগ দেয়া হয়েছে। আমি উক্ত অগ্নিকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানাই।

 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ চন্দ্র সাহা বলেন, উক্ত ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।