স্টাফ রিপোর্টার : খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) র্যাব-৬ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ঠাকুরগাঁওয়ের উত্তর ঠাকুরগাঁও এলাকার ইলিয়াস দাস আব্দুল্লাহ ওরফে হুজাইফা উসামা (২৭), পাবনার খয়েরসুতি গ্রামের মো. সাব্বিরুল ইসলাম সাব্বির ওরফে আবু সাব্বির আল বাঙালি (২০) ও গোপালগঞ্জের কোটালিপাড়ার কুলপাড়া গ্রামের শামিম লস্কর (১৯)। এ সময় অজ্ঞাতনামা আরও তিন থেকে চার সদস্য পালিয়ে যান।
র্যাব-৬ এর মুখপাত্র এএসপি তারেক আমান বান্না জানান, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত দেড়টার দিকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৬ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে খুলনার বটিয়াঘাটা থানার সাচিবুনিয়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় জঙ্গি সংগঠনের সদস্য গোপন বৈঠক করছে। এর পরিপ্রেক্ষিতে সাচিবুনিয়া রেলক্রসিং সংলগ্ন একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরও তিন থেকে চার সদস্য পালিয়ে যান। পরে তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।



