স্টাফ রিপোর্টার: অর্থোপেডিক চিকিৎসা বিজ্ঞানে আধুনিক প্রযুক্তি ও জটিল সার্জারিতে দক্ষতার পরিচয় দিয়ে দেশীয় চিকিৎসকদের মধ্যে আলাদা স্থান তৈরি করেছেন ডা. মোহাম্মদ নেয়ামুল হাসান। সম্প্রতি বাংলাদেশ আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি কোর্স আয়োজিত “প্রথম বাংলাদেশ-নেপাল আর্থ্রোপ্লাস্টি কর্মশালা” এবং সিএমই কোর্স সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি অর্জন করেছেন একটি গুরুত্বপূর্ণ সম্মাননা।
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন দেশ-বিদেশের খ্যাতিমান অর্থোপেডিক বিশেষজ্ঞরা। কর্মশালায় আধুনিক যুগের সর্বাধুনিক আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি সার্জারির কৌশল, সাম্প্রতিক গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে হয় বিস্তারিত আলোচনা। এ আয়োজন পরিচালনা করেন কোর্স পরিচালক ডা. পারভেজ আহসান। আন্তর্জাতিক অনুষদে ছিলেন নেপালের বিশিষ্ট চিকিৎসক ডা. সুমন বাবু মারাহাট্টা ও ডা. প্রবীণ নেপাল।
ডা. নেয়ামুল হাসান বলেন, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা। তিনি বলেন, “এ ধরনের কর্মশালা চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতাকে আন্তর্জাতিক মানে সমৃদ্ধ করে। আমি চেষ্টা করছি রোগীদের আরও উন্নত সেবা দিতে।”
সহকর্মী চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষী সাংবাদিক রাসেল মাহমুদ বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের চিকিৎসা বিজ্ঞানের জন্যও গৌরবের। তাদের মতে, ডা. নেয়ামুল হাসানের মতো উদ্যমী ও নিবেদিত চিকিৎসকরা অর্থোপেডিক চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবেন। বিশেষ করে আর্থোস্কপি, জয়েন্ট প্রতিস্থাপন ও ট্রমা সার্জারিতে তিনি যে দক্ষতা অর্জন করছেন, তা বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করবে।
অল্প সময়েই নিজের পেশাগত জীবনে তিনি দেখিয়েছেন একাগ্রতা ও নিষ্ঠার দৃষ্টান্ত। তার অর্জন নতুন প্রজন্মের চিকিৎসকদেরও অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন আয়োজকরা।



