এদেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না : মির্জা ফখরুল

179
ফেসবুকে ফলো করুন

নিজস্ব প্রতিবেদক : এই দেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের শপথ নিতে হবে, আমরা কোনোদিনই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেব না। আমরা কারও কাছে মাথা নত করব না।

আজ রবিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের বিভক্ত করার জন্য। আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছেন। সেখান থেকে মাঝে মাঝে হুমকি দিচ্ছেন। দেশকে অস্থিতিশীল তৈরির চেষ্টা করছেন।

গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, শুধু ৩৬ দিনের আন্দোলন নয়; গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মী, ছাত্ররা জীবন দিয়েছেন; শুধুমাত্র সুন্দর একটা বসবাসযোগ্য আবাস ভূমি হিসাবে বাংলাদেশকে দেখার জন্য।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, আমাদের পাশের দেশে ভারতে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে। সেখান থেকে হুমকি দিচ্ছে, তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয় এখানে বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, আমরা আর কোনদিনই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেব না। শপথ নিতে হবে কারো কাছে কোনোদিন মাথা নত করব না। আমরা নিজেরাই নিজেদের স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলব।

সমাবেশে উপস্থিত বিএনপি নেতাদের মধ্যে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশ সঞ্চালনা করছেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।