কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না : মির্জা ফখরুল

70
ফেসবুকে ফলো করুন

খবর বার্তা অনলাইন : দেশের কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) ছাড়া নির্বাচনে না যাওয়ার পণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল এগুলোকে (পিআর পদ্ধতি) প্রমোট করে। প্রমোট নয় শুধু, পণ করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাবো না।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারকে ভয় পায় না বিএনপি, বরং স্বাগত জানায়। কিন্তু সমস্যা তখন হয়, যখন দেখি দেশ ও জাতির জন্য যা প্রয়োজন নয়, সেসব বিষয় সামনে নিয়ে আসা হয়।

তিনি বলেন, পিআর কি জিনিস ভাই। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বুঝে না ঠিক মতো; তারা পিআর বুঝবে কি করে? দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল এটাকে (পিআর পদ্ধতি) প্রমোট করে। প্রমোট নয় শুধু, পণ করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাবো না।

দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন। তাহলে সমস্যাগুলোর সমাধান হবে, না হলে হবে না। বাইরে থেকে এসে কাউকে নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন। জাতীয় সনদ ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন, সেই সময়টাতে নির্বাচন দিন। মানুষকে তার অধিকার ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন।