ডেস্ক রিপোর্ট : ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় দেশের ৬১টি ব্যাংককে ১২ গ্রুপে ভাগ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সোমবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গভর্নর বলেন, ২০টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে, ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে। ২০২৬-এর জানুয়ারি থেকে ব্যাংক রিস্ক বেইসড সুপারভিশন শুরু হবে।
তিনি আরো বলেন, আর্থিক খাতে অতীতে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, যা আর্থিক খাতে ঝুঁকি তৈরি করেছে। আগামীতে এ ধরনের লুটপাট বন্ধ করতে হলে রাজনীতিকদের শুদ্ধ হতে হবে।
গভর্নর বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের প্রয়োজন। এজন্য ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে সব ব্যাংকে রিস্ক বেইজ সুপারভিশন (আরবিএস) পদ্ধতি শুরু করবে বাংলাদেশ ব্যাংক। এর পূর্ব-প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ২০টি ব্যাংকের সঙ্গে পাইলটিং শেষ হয়েছে, বাকি ব্যাংকগুলোতে পাইলটিং আগামী জুনের মধ্যে শেষ হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নুরুন নাহারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



