বাজারে জাল টাকা ছড়ানোর সময় ২ যুবক আটক

145
ফেসবুকে ফলো করুন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলার দেশমা বাজারে জাল টাকা ছড়ানোর অভিযোগে ২ জনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন।

গতকাল রবিবার রাত ৮টার দিকে বাজারে পণ্য কেনাকাটার সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে হাট ইজারাদারের সহায়তায় এলাকাবাসী তাদের আটক করে।

 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে থানায় নিয়ে আসে।

আটকরা হলেন—রংপুর কোতোয়ালি থানার জুম্মাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. আবির (২২) ও বগুড়ার কাহালু উপজেলার গুচ্ছগ্রাম এলাকার আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ (৩৩)।

পুলিশ জানায়, সন্ধ্যায় বিরামপুর উপজেলার ৫ নম্বর বিনাইল ইউনিয়নের দেশমা বাজারের এক মুদির দোকানে তারা পণ্য কিনতে যান। কেনাকাটার সময় তারা যে টাকা দেন, তা দেখে দোকানি ও আশপাশের লোকজনের সন্দেহ হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে হাট ইজারাদারকে জানালে তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং পরে পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের দেহ তল্লাশি করে পকেট থেকে ৯ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। জব্দ করা টাকাগুলোর সবই ৫০০ টাকার নোট ছিল বলে জানা গেছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ‘জাল টাকাসহ দুই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ৭ জুলাই সোমবার তাদের দিনাজপুর কোর্টে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

: