নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে রাজধানীর উপকণ্ঠে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে আটক করেছে পুলিশ।
গতকাল রবিবার দিবাগত রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নেত্রকোণা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বিত একটি দল।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় টঙ্গীর ওই বাসায় অবস্থানরত প্রশান্ত কুমার রায়কে আটক করা হয়েছে। তাকে নেত্রকোণায় নিয়ে আসা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় ৭ থেকে ৮টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগ। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।
আটকের আগে দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন এই আওয়ামী লীগ নেতা। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি প্রকাশ্যে আসেননি। তবে চলতি বছরের ২০ জুন, শুক্রবার নেত্রকোণা শহরের তেরিবাজারে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হঠাৎ একটি বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায় প্রশান্ত রায়কে। ওইদিনের কর্মসূচির দুটি ভিডিও—প্রায় এক মিনিট ৩৫ সেকেন্ড করে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে তাকে নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল প্রশান্ত কুমার রায়ের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। তখন থেকেই পুলিশ তাকে ধরতে তৎপরতা শুরু করে। সেই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই ১৭ দিন পর তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হলো।



