কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে কে এম শাদনান সাবাব রহমান (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটে। তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মৃত যুবক ঢাকা মিরপুর এলাকার কে এম আনিসুর রহমানের ছেলে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২), একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।
মৃতের বন্ধু আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া বলেন, প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে সোমবার তারা পাঁচ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যান। ভোর সাড়ে ৫ টার দিকে তারা হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে যান। ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমরা দুইজন দৌঁড়ে ছাতার নিচে চলে আসলেও তারা সাগরে থেকে যায়। বারবার তাদের ডাকার পরও তারা ‘আসছে, আসছে’ বলতে থাকে। মাঝিরাও তাদের উঠে যেতে বলেছে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু বলেন, চার বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে ঘুরতে আসে। এ সময় তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যায়। একজনের মরদেহ পাওয়া গেলেও এখনও দুইজন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিস ও সি সেইফ লাইফ গার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।



